ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার নেপথ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের যড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন দেশটির একজন বিধায়ক। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে ওই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার পেহেলগামে হামলার দুটি ঘটনাটিকে ‘সরকারের ষড়যন্ত্র’ বলে দাবি করেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই মন্তব্যের ভিডিও সয়লাব হয়ে পড়লে আসাম পুলিশ তদন্তে নামে। পরে আসামের এই বিধায়কের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে আসাম পুলিশ বলেছে, রাজ্যের ধিংয়ের বিধায়ক আমিনুল ইসলামের বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তার এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় বিরূপ পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে। যে কারণে আইন মেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment