ইরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টা কিংবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাচেষ্টা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।
আজ শুক্রবার (২০ জুন) স্কাই নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
স্কাই নিউজের সাংবাদিক ইভর বেনেট জানতে চান, যদি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল খামেনিকে হত্যা করে, তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কী হবে? জবাবে পেসকভ বলেন, ‘খুবই নেতিবাচক। আমরা এর তীব্র বিরোধিতা করবো।’তিনি আরও বলেন, ‘এই ধরনের কাজ ইরানের ভেতর থেকেই প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এতে দেশটিতে চরমপন্থী মনোভাবের উত্থান ঘটবে। যারা এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন, তাদের এসব ভেবে দেখা উচিত।’
পেসকভ জোর দিয়ে বলেন, ‘ইরানে সরকার পরিবর্তনের চিন্তাও যেন কারও মনে না আসে। এটি কল্পনাতীত এবং এমন কথাবার্তাও সকলের জন্য অগ্রহণযোগ্য হওয়া উচিত।’

Comments
Post a Comment