সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মন্তব্য করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ সেটিই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার উপায়।
মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে এক আলোচনায় ক্লিনটন বলেন, ‘নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছেন, কারণ তাতে তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবেন। বাস্তবে তো তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই প্রধানমন্ত্রীর চেয়ারে।’তিনি বলেন, বর্তমান ইসরায়েল-ইরান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা। ক্লিনটন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, ‘এই সহিংসতা থামানো জরুরি, যেখানে নিরপরাধ মানুষ বারবার নিহত হচ্ছেন।’
তবে তিনি যোগ করেন, ‘আমি মনে করি না নেতানিয়াহু কিংবা ট্রাম্প কেউই ইচ্ছা করে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চায়। তবে এটাও সত্য, এখন যেভাবে নিরপরাধ মানুষ মারা পড়ছেন, সেটা কোনো সমাধান নয়।’তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের বন্ধুদের আশ্বস্ত করতে হবে যে আমরা তাদের পাশে আছি এবং তাদের সুরক্ষা নিশ্চিত করব।’
ক্লিনটন সতর্ক করে বলেন, ‘ঘোষণাবিহীন যুদ্ধ বেছে নেওয়া, যেখানে মূল শিকার হয় সাধারণ মানুষ—যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, শুধু ভালোভাবে বাঁচতে চান—এটা কোনো গ্রহণযোগ্য পথ নয়।’উল্লেখ্য, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ায়নি। তবে ওয়াশিংটন ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে এবং তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতেও সহযোগিতা করেছে।
সূত্র: আরব নিউজ

Comments
Post a Comment