যুক্তরাষ্ট্রে সফরকালে ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে অভিহিত করেছে। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীইয় সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ফিল্ড মার্শাল মুনিরের এই মন্তব্য প্রমাণ করে যে পাকিস্তান একটি ‘দায়িত্বজ্ঞানহীন’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সূত্রগুলো আরও উল্লেখ করেছে, এটি একটি পরিচিত প্রবণতার অংশ। যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয়, তখনই তারা তাদের প্রকৃত রূপ প্রকাশ করে।সূত্রগুলো আরও জানায়, মুনিরের এই বক্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্র অ-রাষ্ট্রীয় শক্তির হাতে চলে যাওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। এটি গণতন্ত্রের অনুপস্থিতির একটি লক্ষণ। পাকিস্তানে আসলে তাদের সামরিক বাহিনীই সবকিছু নিয়ন্ত্রণ করে।এর আগে পাকিস্তানের সামরিক প্রধান ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় খোলাখুলিভাবে ‘পারমাণবিক যুদ্ধের’ হুমকি দেন। তিনি বলেন, ভারত যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়, তাহলে তার দেশ ‘বিশ্বের অর্ধেককে’ ধ্বংস করে দেবে।মুনির বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর জাতি। যদি আমরা মনে করি, আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে আমরা পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে মরব! এদিন সিন্ধু পানি চুক্তি নিয়েও ভারতকে হুমকি দেন আসিম মুনির। তিনি বলেন, ভারত যদি এই চুক্তির আওতায় কোনো বাঁধ নির্মাণ করে, তবে পাকিস্তান তা ১০টি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেবে। মুনির আরও বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়।
আপনার মতামত লিখুনঃ

Comments
Post a Comment